জনগণের রায় যাই হোক, মেনে নেব: নাহিদ ইসলাম

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায় যেটাই হোক, তারা তা মেনে নেবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভোট যেন সুষ্ঠুভাবে দিতে পারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বেরাইদ এলাকায় এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জনগণের রায় যাই হোক আমরা মেনে নেব। তবে ভোট সুষ্ঠু হওয়াটাই সবচেয়ে বড় বিষয়।” তিনি আরও দাবি করেন, “আমাদের ধারণা, ১১ দলীয় জোট সরকার গঠনের কাছাকাছি অবস্থানে আছে। ভোট সুষ্ঠু হলে আমরা বিজয়ী হয়ে বের হব বলে বিশ্বাস করি।”
নির্বাচনী সূত্র অনুযায়ী, এদিন সকালে ভোটকেন্দ্রে এসে নাহিদ ইসলাম নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ড. এম এ কাইয়ুম। অন্যদিকে জোটভুক্ত প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও কয়েকটি দলের প্রার্থীরাও নির্বাচনী মাঠে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় নির্বাচন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। নির্বাচনের দিন পুরুষ ও নারী ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আসনটির ফল নির্ধারণে ভূমিকা রাখবেন।


























