ভোট ডাকাতদের গণধোলাই দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ বক্তব্য দেন।
‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী বলেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের আশঙ্কার তথ্য পেয়েছেন। তার দাবি, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে দখলের চেষ্টা হয়েছে বলে খবর এসেছে। শাহজাহানপুরের একটি কেন্দ্রে ২০–৩০ জন লোক অবস্থান করছিল, অথচ গেট খোলা ছিল বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি পুলিশকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “যদি কোনো ভোট ডাকাত নামে, আমরা ধরে প্রতিরোধ করব।” একই সঙ্গে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, অনিয়ম দেখলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা প্রকাশ করতে।
নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন এবং ‘শাপলা কলি’র জয় নিশ্চিত হবে বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচিত হলে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখবেন, আর জয়ী না হলেও জনগণের পাশে থাকবেন বলে জানান তিনি।
এর আগে এক ফেসবুক লাইভে নির্বাচিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সুযোগ পেলে সারা দেশে অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন।
মধ্যরাতে কেন্দ্র পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে শান্তিবাগ স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল এবং মতিঝিল এলাকার কয়েকটি স্কুলের নাম উল্লেখ করেন তিনি। এসব তথ্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে দাবি করেন প্রার্থী।


























