বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 8
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠনের স্বার্থবিরোধী বক্তব্য ও কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, কুমিল্লা-৮ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুনশীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্য দলকে ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না এবং তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে।
ভিডিওতে আরও শোনা যায়, তিনি বলেন, ‘আমি ভয় দেখাচ্ছি—এমনটা মনে করবেন না। আমি পরিষ্কার করে বলছি। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, এতে আমার কোনো অসুবিধা নেই।’ একইসঙ্গে তিনি ব্যক্তিগত অপমানের প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন। ওই সময় তাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট চাইতেও দেখা যায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুনশী দাবি করেছেন, ভিডিওটি সম্পাদনা করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। নিজের ফেসবুক পেজে তিনি তার পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, তার বক্তব্যের আংশিক অংশ কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি দাবি করেন, বক্তব্যটি তিনি নিজের এলাকায় কিছু আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে দিয়েছিলেন, যা রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, সত্য কখনো চাপা থাকে না, জনগণ সবসময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম তারেক মুনশী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুনশীর বক্তব্য বিএনপির দলীয় অবস্থান নয়। এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য এবং এর দায়ভার দল বহন করে না। এ ঘটনার জন্য তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।




























