নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা

- আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোটকে সামনে রেখে এ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার–সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের মাত্র দুদিন আগে প্রধান উপদেষ্টার এই ভাষণে নির্বাচন ও গণভোট ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা এবং দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তবে তখন ভাষণের নির্দিষ্ট দিন-সময় উল্লেখ করা হয়নি। একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়; বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইঙ্গিত দেন প্রেস সচিব।




























