ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় সরকার

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR)-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বক্তব্যে এ তথ্য জানানো হয়।
বক্তব্যে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
জেনেভাস্থ মিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, OHCHR-এর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
সরকারের পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে, হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।


























