‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
ঠাকুরগাঁও: গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ ও রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছে, যারা পরিচালনা করেছে তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। পরিস্থিতি ঠিক করতে হলে সংস্কার প্রয়োজন, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই গণভোট অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। “আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই,” বলেন তিনি।
এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।”
জনসাধারণের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না?”
পথসভায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ” হিসেবে উল্লেখ করে বলেন, পুরোনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বকে সমর্থনের কথা। পাশাপাশি তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। “আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই,” বলেন মির্জা ফখরুল।


























