রাজধানীতে টানা ১৪ জনসভায় থাকছেন: তারেক রহমান

- আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী দুই দিনে রাজধানীর ১৪টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বলে জানিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে তার নিজ নির্বাচনী আসন ঢাকা–১৭সহ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন আসন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, ৮ ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ৬টি আসনের জনসভায় অংশ নেবেন। এদিন ঢাকা–১৭ (ইসিবি চত্বর), ঢাকা–১৬ (পল্লবী), ঢাকা–১৫ (মিরপুর–১০ সংলগ্ন এলাকা), ঢাকা–১৪ (মিরপুর মডেল থানা এলাকা), ঢাকা–১৩ (শ্যামলী) এবং ঢাকা–১১ (বাড্ডা সাতারকুল) এলাকায় ধারাবাহিকভাবে জনসভায় বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, ৯ ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা–১৭সহ ঢাকা মহানগর দক্ষিণের ৭টি আসন মিলিয়ে মোট ৮টি জনসভায় যোগ দেবেন। এদিন বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠ থেকে শুরু করে কলাবাগান, পীরজঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন–দয়াগঞ্জ সড়ক, ধুপখোলা মাঠ এবং লালবাগ এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় তারেক রহমান সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের পক্ষে বক্তব্য দেবেন এবং ভোটারদের উদ্দেশে দিকনির্দেশনা তুলে ধরবেন।





























