হোসেনপুরে ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি: যুবক গ্রেপ্তার

- আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 48
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি এবং মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত শ্রাবণ উপজেলার রামপুর মোড়লবাড়ী এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বিল্লাল হোসেন শ্রাবণ তার সহযোগীদের নিয়ে ফিলিং স্টেশনের মালিকের কাছে চাঁদা দাবি শুরু করেন। বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে। এতে ফিলিং স্টেশনের স্বাভাবিক ব্যবসা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়।
ঘটনার ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে এসে প্রতিষ্ঠানটি বন্ধের হুমকি দিয়ে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেয় বলে ভুক্তভোগীর অভিযোগ।
এছাড়াও একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফিলিং স্টেশনের মালিককে ফোন করে গালিগালাজ ও চাঁদা দিতে চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে তিনি পিস্তল দিয়ে মালিক ও কর্মচারীদের হত্যার হুমকি দেন বলেও দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


























