পিএসএলে আগেভাগেই চুক্তি, নতুন দলে মোস্তাফিজ

- আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়ে গেলেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তির মাধ্যমে তাঁকে দলে নিয়েছে পিএসএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডাইরেক্ট সাইনিং’ পদ্ধতিতে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। ফলে নতুন মৌসুমে আবারও এই দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।
চুক্তি অনুযায়ী মোস্তাফিজুর রহমানের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা এক প্রতিক্রিয়ায় বলেন, মোস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নন, বরং দলের পরিবারেরই অংশ। তিনি জানান, আবারও মোস্তাফিজকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাঁর অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হবে।
এর আগে দলটি নিজেদের মূল শক্তি ধরে রাখতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম–কে রেখে দিয়েছে।
ফ্র্যাঞ্চাইজির এই আগাম দল গঠনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে আসন্ন নিলামের আগে লাহোর কালান্দার্সের স্কোয়াড আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হলো বলে মনে করা হচ্ছে।






























