খালিদুজ্জামান ক্ষমা না চাইলে অবাঞ্ছিত ঘোষণার দাবি!

- আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 71
ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স. ম. খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। তারা জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রার্থীটিকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হবে।
সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফের জানান, ক্যান্টনমেন্টে প্রবেশের সময় খালিদুজ্জামান অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং নিরাপত্তা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এটি সামরিক বাহিনীর মর্যাদা, মনোবল এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।
বার্তায় আরও বলা হয়েছে, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে থাকার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্ট জানাচ্ছে, উক্ত প্রার্থী যদি প্রকাশ্যে ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন, তবে তাকে ক্যান্টনমেন্টে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করার জন্য তারা জোর দাবি জানাবে। রাষ্ট্রের আইন, সামরিক মর্যাদা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস হবে না।

























