যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধকালীন পরিস্থিতির প্রভাবে ইরানের অনেক পরিবার খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (২৪ অক্টোবর) এক বক্তব্যে সাধারণ মানুষের এই দুরবস্থার কথা স্বীকার করেন। খবর সিবিএস নিউজের।
নিজের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘এই সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা আমাদের জড়িয়ে পড়া যুদ্ধ এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে পরিবারের জন্য খাবার জোগাড় করতে লড়াই করছেন।’
বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদেরও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।’ তবে সংকট নিরসনে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান কমিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। অন্যদিকে, ইরানের নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র চাপ ও হুমকি বন্ধ না করলে শান্তি আলোচনা সফল হওয়া কঠিন।
এর মধ্যে ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কাও দেখা দিয়েছে। শুক্রবার তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, চলতি সপ্তাহেই ইরানে আবার হামলা চালাতে পারে ওয়াশিংটন।
পডকাস্ট উপস্থাপক মারিও নওফলকে দেওয়া বক্তব্যে ব্যারাক বলেন, ‘এই সপ্তাহে কি হামলা হতে পারে? অবশ্যই।’
ব্যারাক সিরিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ইরানবিষয়ক নীতিনির্ধারণে তাঁর সরাসরি কোনো ভূমিকা নেই।
সূত্র: সিবিএস নিউজ।
মন্তব্যসমূহ