রাজধানীর রাজপথে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তবে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় নিয়ম মেনে ব্যবসা করার সুযোগ রাখা হবে। একই সঙ্গে দক্ষিণ ঢাকার জলাবদ্ধতা নিরসন এবং নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কালবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। এ ছাড়া নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে। নিয়ম মেনে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার প্রসঙ্গে তিনি মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণও তুলে ধরেন।
নাগরিক সেবার মান বাড়াতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রশাসক। তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতার কারণে বড় চ্যালেঞ্জ। আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, কোন সড়কটি বেশি গুরুত্বপূর্ণ, তা বিবেচনা করে কাজের অগ্রাধিকার ঠিক করা হবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা এলাকার পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।
রাজধানীর সার্বিক উন্নয়ন, নাগরিকদের স্বস্তি এবং নগরজীবনে শৃঙ্খলা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নগরবাসীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্তব্যসমূহ