কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও চার থেকে পাঁচজন।
রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইমরান ও মো. তৈয়ব।
এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকে দেশীয় অস্ত্র নিয়ে এআরএর ছয় থেকে সাতজন সদস্য জড়ো হয়েছেন বলে গোপন তথ্য পাওয়া যায়। তাঁদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা।
খবর পেয়ে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যান।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, আটক দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত করে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ