রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। মসজিদের মাইকে চোরের ঘোষণা দেওয়ার পর তাঁদের ধাওয়া করে ধানক্ষেত থেকে আটক করা হয়। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে বাগপুর গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ওই দুজনের বিরুদ্ধে। বিষয়টি বুঝতে পেরে সোহেল মিয়া চিৎকার শুরু করেন। এ সময় পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা শুনে ফজরের নামাজে আসা মুসল্লিসহ আশপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন। তাঁরা অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা।
একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাঁদের আটক করেন স্থানীয় লোকজন। সেখানে উত্তেজিত জনতা দুজনকে মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত লোকজনের পিটুনিতে দুজন মারা গেছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্যসমূহ