জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও আহতের ঘটনায় সাত সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এ কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রশাসনের অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলাকালে খেলার বলের সীমানা (বাউন্ডারি) নির্ধারণ নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সূত্রপাত ঘটে। কয়েক দফা সংঘর্ষে অন্তত ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত করতে এই তদন্ত কমিটি কাজ করবে।
মন্তব্যসমূহ