নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার করে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তার হাতে ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ১৮ বছর বয়সী এই জার্মান পর্যটক। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর বিকেলে। সেদিন নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার।
এ সময় নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি রেখে যান তিনি। কিন্তু টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি কিংবা ব্যাগের কোনো সন্ধান পাননি।
পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যার কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কোনো কর্মকর্তা নন।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জার্মান পর্যটক। চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধানে তিনি রাজশাহী রেলওয়ে থানাতেও যান।
অভিযোগ পাওয়ার পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের চুরি হওয়া ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা ল্যাপটপ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে তার কাছে হস্তান্তর করা হয়। তবে চুরি হওয়া ক্যামেরাটি উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এদিকে বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও ল্যাপটপ উদ্ধারে ভূমিকা রাখায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন আইজিপি।
এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারত্ব, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
আইজিপি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন। একই সঙ্গে দ্রুত ও পেশাদার সেবা প্রদান, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর গত ১০ অক্টোবর তাকে একটি ম্যাকবুক উপহার দেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ।
রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে উপহারটি তুলে দেওয়া হয়।
মুক্তি মাহমুদ জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি সঙ্গে নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা থেকেই তিনি ম্যাকবুকটি উপহার দিয়েছেন।
এর তিন দিন পর পুলিশের উদ্ধার করা নিজের ল্যাপটপটিও ফিরে পেলেন ক্রিল ল্যান্ডার।
মন্তব্যসমূহ