সাম্প্রদায়িকতাহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যা আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বিএনপি ধর্মহীনতা ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে। তাঁর ভাষায়, বিএনপি মধ্যমপন্থার একটি রাজনৈতিক দল। লাল-সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের মর্যাদা রক্ষায় দলটি সবসময় বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
ধর্ম প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। ইহকাল ও পরকালের সঙ্গেও ধর্মের সম্পর্ক রয়েছে। তবে ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে মানুষের মধ্যে সংঘাত বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয়।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আদালতে কোনো আইনজীবীর ধর্মীয় পরিচয় মুখ্য নয়। আদালতে দাঁড়ানোর সময় তাঁর প্রধান পরিচয় তিনি একজন আইনজীবী এবং তাঁর পরনে থাকে কালো কোর্ট।
তিনি বলেন, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।