দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আগস্ট মাসে উদ্ধার করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা এবং ৬ লাখ ৬ হাজার ২৪১টি প্রসাধনী সামগ্রী।
এ ছাড়া অভিযানে ১০ লাখ ৪০ হাজার ১৯৬টি আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, পাথর, বালু, চা পাতা, সুপারি, মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ আরও নানা ধরনের পণ্য জব্দ করা হয়।
সীমান্তে মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে বিজিবি ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার দেশি মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার উদ্ধার করেছে।
এ ছাড়া ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, সিরাপ এবং বিপুল পরিমাণ বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।
বিজিবির অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়।
জব্দ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ছয়টি প্রাইভেটকার, তিনটি ট্রলি, ৬১টি সিএনজি ও অটোরিকশা, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল ও ভ্যান এবং ৯৭টি নৌযান।
বিজিবি জানিয়েছে, চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগস্ট মাসে ২২০ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩৭ জন বাংলাদেশি, ছয়জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।