সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে মাসুম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডের কাছে গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম হোসেন বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কোনো একসময় মাসুম মোবাইল টাওয়ারে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।