লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী মোক্তার উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার উদ্দিন (৫০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মোক্তার উদ্দিন প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, এরপর বিভিন্ন সময় ওই শিশুকে নির্যাতন করেন মোক্তার উদ্দিন। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে চিকিৎসা পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এরপর শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানালে তার বাবা ২০২০ সালের ২৬ মে পাটগ্রাম থানায় মোক্তার উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালত সাজাপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দিয়েছেন।