পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ অর্থনৈতিক সহযোগিতাকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নে সহযোগিতার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন।
সুইস রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হলে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক হবে।
বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপক্ষীয় সহযোগিতা, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এসব বিষয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক উদ্যোগেও সুইজারল্যান্ড সহযোগিতা চালিয়ে যাবে বলে জানান রাষ্ট্রদূত।