রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে এবং চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। ভোটগ্রহণের তারিখ নির্ধারণের ক্ষেত্রে পূজা, পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
গত ২২ আগস্ট জাতীয় সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে বলে জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে কমিশন।
এর আগে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, আসনটি শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।