মাদারীপুর সদর উপজেলায় পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আবদুস সালাম (৪০)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। আবদুস সালাম মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ আসামিকে মাদারীপুর আদালতে পৌঁছে দিয়ে শিবচরের দিকে ফিরছিল। পখিরা এলাকায় পৌঁছালে সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়।
এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আবদুস সালাম মারা যান। দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা, ভান্ডারিকান্দি গ্রামের সুলতান চোকদার ও রুবেল চোকদার এবং ভাঙ্গার নুরুজ্জামান।
আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, শরিফুল ইসলাম, সোহেল, হাসান ও শামীম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি শিশু ও তার বাবাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশের পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
মন্তব্যসমূহ