সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠা করেছে ‘Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে SSSDW-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরাইল রিজিয়ন কমান্ডার, SSSDW-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চিফ ইন্সট্রাক্টর, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী ফটোসেশনে অংশ নেন এবং SSSDW-এর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় SSSDW-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রশিক্ষণ পরিকল্পনাও তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে ড্রোনের অপারেশনাল সক্ষমতা ও আভিযানিক প্রয়োগের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের অভিযান পরিচালনা, চোরাচালানবিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করে চোরাকারবারী আটক, পুশইন প্রতিরোধে ড্রোনের কার্যকর ব্যবহার এবং অপরিচিত ড্রোন নিয়ন্ত্রণে অ্যান্টি-ড্রোন সিস্টেমের ব্যবহার দেখানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজিবির বিভিন্ন ড্রোনের সক্ষমতা তুলে ধরে ড্রোন ফ্লাই-পাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনের উড্ডয়ন প্রদর্শন করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে SSSDW গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ