বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ দলটির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরে আসছে বিএনপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারেক রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার লক্ষ্য নিয়ে বিএনপি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
সূত্র: বাসস
মন্তব্যসমূহ