মোনাকোয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। শিরোপা ধরে রাখার মিশনে নামা বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শুরুতেই পেয়েছে বেশ কঠিন প্রতিপক্ষ। ফরাসি ক্লাবটির লিগ পর্বের সূচিতে রয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী দল।
গত মে মাসে আর্সেনালকে পেনাল্টি শুটআউটে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপসেরার মুকুট জেতে পিএসজি। এবার লিগ পর্বে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনা, রোমা, গালাতাসারায় ও স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে খেলবে তারা।
অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা ও ইতালির কোমো। বিশেষ করে ইংল্যান্ডের দুই ক্লাবের মাঠে ম্যাচ দুটি পিএসজির জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর লিগ পর্বের প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আট ম্যাচের পূর্ণাঙ্গ সূচি শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে উয়েফা।
গত মৌসুমের রানার্সআপ ও ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। এমিরেটস স্টেডিয়ামে গানারদের মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিলে ও আজারবাইজানের সাবাহকে।
অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল বেটিস, নাপোলি ও স্লাভিয়া প্রাগ।
ইংলিশ ক্লাব লিভারপুলের লিগ পর্বের সমীকরণও বেশ চ্যালেঞ্জিং। অ্যানফিল্ডে তারা খেলবে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারিয়াল ও লঁসের বিপক্ষে। আর অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনারবাচে ও অস্ট্রিয়ার এলএএসকে।
দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ছিল না শীর্ষ পটে। ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিখ, রোমা, আরবি লাইপজিগ ও সাবাহ। আর অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং সিপি, ভিয়ারিয়াল ও কোমো।
ড্রয়ের ফলে লিগ পর্বেই বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। বার্সেলোনা নিজেদের মাঠে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটিকে। অন্যদিকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার মিলান।
এবারের আসরে বাছাইপর্ব পেরিয়ে দীর্ঘ বিরতির পর মূল পর্বে ফিরেছে ফেনারবাচে। ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে তুরস্কের ক্লাবটি।
এ ছাড়া নতুন দল হিসেবে ইতালির কোমো, আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার এলএএসকে এবং নরওয়ের চ্যাম্পিয়ন ভাইকিংও মূল পর্বে জায়গা করে নিয়েছে।
৩৬ দলের অংশগ্রহণে নতুন ফরম্যাটে এটি চ্যাম্পিয়নস লিগের তৃতীয় আসর। লিগ পর্বের লড়াই শেষে ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।














মন্তব্যসমূহ