চট্টগ্রামের বাঁশখালীকে বন্যার কবল থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৮ আগস্ট) বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবছর যাতে বাঁশখালীর মানুষকে বন্যার দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে উপজেলার অনেক খাল নাব্যতা হারিয়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে না পারায় সামান্য ভারী বৃষ্টিতেই বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
তিনি জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করতে প্রয়োজনীয় খালগুলো খনন ও পুনঃখনন করা হবে। এতে বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমবে। একই সঙ্গে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে প্রবেশ ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান আসাদুল হাবিব দুলু। ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণসহ পুনর্বাসনের প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফর করবেন। সফরকালে বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ ও ঘর নির্মাণসংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
পরে ত্রাণমন্ত্রী বাঁশখালীর বাহারছড়া এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচির স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।