সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের তিন লাখ টাকা এবং অন্যান্য আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদান দেওয়ার জন্য বিআরটিএর মাধ্যমে একটি নির্ধারিত ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিলে যাচাই-বাছাই শেষে সরকারি সহায়তার অর্থ পাবেন।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর প্রবণতা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বিশেষ করে সকালে মহাসড়ক তুলনামূলক ফাঁকা থাকায় অনেক চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালান। এ সময় বেপরোয়া গতি ও অপ্রয়োজনীয় প্রতিযোগিতা বন্ধে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলসহ পরে মোট নয়জন নিহত হন। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।