জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) দেশব্যাপী দুই দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। বুধবার (৫ আগস্ট) সাভারের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, কর্মসূচিতে জুলাই আন্দোলনে আহত এবং দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা বা স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষও বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং পুনর্বাসন সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
বিপিএর তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে আহত অনেক ব্যক্তি এখনও দীর্ঘস্থায়ী ব্যথা, মাংসপেশি ও অস্থিসন্ধির সমস্যা, স্নায়ুর আঘাত, চলাফেরায় সীমাবদ্ধতা এবং কর্মক্ষমতা হ্রাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। যথাসময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফিজিওথেরাপি সেবা না পেলে তাদের অনেকেই স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়তে পারেন।
এ পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থ ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনা চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি মনে করেন, সময়োপযোগী ফিজিওথেরাপি সেবা অনেক আহত ব্যক্তিকে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা ও স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকি থেকে রক্ষা করতে সহায়তা করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির বলেন, ফিজিওথেরাপি শুধু ব্যথা উপশমের চিকিৎসা নয়, এটি একজন মানুষকে স্বাভাবিক জীবন ও কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে কার্যকর বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। তিনি জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
দেশব্যাপী এই উদ্যোগে সিআরপি, বিভিন্ন ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র, হাসপাতাল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগসহ একাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন জুলাই আন্দোলনে আহত ব্যক্তি এবং পুনর্বাসনের প্রয়োজন রয়েছে এমন সব মানুষকে নিকটস্থ অংশগ্রহণকারী কেন্দ্রে গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছে।