ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে আরবাইন পালন করেছে ইরান। দেশজুড়ে অনুষ্ঠিত শোকানুষ্ঠান ও শোভাযাত্রায় অংশ নিয়ে লাখো মানুষ ইমাম হোসাইনের আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন এবং অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা তুলে ধরেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তারা ইমাম হোসাইনের ন্যায়বিচার, মর্যাদা ও আত্মত্যাগের আদর্শ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইরাকের কারবালায় অনুষ্ঠিত আরবাইনেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো শিয়া মুসলিম অংশ নেন। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি তীর্থযাত্রীদের বড় একটি অংশ ইরান থেকে এসেছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও কারবালায় আরবাইনের ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
সূত্র: প্রেস টিভি