জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সার্বিক পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসানকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. শহিদুল্লাহ। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর।
এদিকে সংঘর্ষে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সন্ধ্যায়ও হাসপাতালের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তবে সেখানে ছাত্রশিবিরের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। চিকিৎসাধীন ব্যক্তিরা অন্য হাসপাতালে চলে গেছেন। তবে কবি নজরুল কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।