বাংলাদেশে উন্নত প্রকৌশল দক্ষতা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ড্যাফোডিল সিএই (CAE) সেন্টার, বাংলাদেশ’।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন ও প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড (যুক্তরাষ্ট্র)-এর কো-ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. সাঈদ ওয়াহিদুজ্জামান। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত এ কেন্দ্রের লক্ষ্য হলো দেশে কম্পিউটার-এইডেড ইঞ্জিনিয়ারিং (CAE) ভিত্তিক শিক্ষা, গবেষণা, শিল্প-সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নকে এগিয়ে নেওয়া। পাশাপাশি সিএই-ভিত্তিক শিল্প গবেষণা, উদ্ভাবন ও বাণিজ্যিক কার্যক্রমের শক্তিশালী ভিত্তি গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
প্রাথমিকভাবে কেন্দ্রটি সিস্টেম মডেলিং অ্যান্ড সিমুলেশন নিয়ে কার্যক্রম পরিচালনা করবে। পর্যায়ক্রমে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস (FEA), কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স (CFD), মাল্টিফিজিক্স সিমুলেশন, ডিজিটাল টুইন প্রযুক্তি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রি ৪.০, এআই-সহায়ক প্রকৌশল নকশাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড (জিটিআই), যুক্তরাষ্ট্র কেন্দ্রটির জন্য আন্তর্জাতিক মানের সিএই সফটওয়্যার লাইসেন্স প্রদান করেছে। বিভিন্ন দেশি-বিদেশি শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, বাস্তব শিল্প প্রকল্প ও গবেষণার সুযোগও তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. সবুর খান বলেন, জ্ঞান, উদ্ভাবন ও উন্নত প্রকৌশল দক্ষতার ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে। ড্যাফোডিল সিএই সেন্টার শিক্ষা, গবেষণা ও শিল্পের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করে দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।