ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা করেছে মুখোশধারী এক যুবক। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তাকে ৩০ বারের বেশি ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফরিদাবাদের সিকরোনা গ্রামের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম সন্ধ্যা। গুরুতর আহত অবস্থায় তাকে আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ঢাকা এক যুবক স্কুলে প্রবেশ করে কিছু সময় অপেক্ষা করেন। পরে সন্ধ্যাকে বাইরে আসার সংকেত দিয়ে গলা চেপে ধরে টেনে নিয়ে যান। এরপর মুখ, গলা, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে একের পর এক ছুরিকাঘাত করেন।
চিৎকার শুনে স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তা এগিয়ে গেলে হামলাকারী তার দিকেও ছুরি নিয়ে তেড়ে যান। পরে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার দুই ঘণ্টার মধ্যে ২১ বছর বয়সী অমিত নামে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পার্শ্ববর্তী কোট গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অমিত প্রায় দুই বছর ধরে সন্ধ্যাকে অনুসরণ ও উত্ত্যক্ত করে আসছিলেন। কয়েক দিন আগে তার বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেছিলেন সন্ধ্যা। তখন প্রকাশ্যে ক্ষমা চাইলেও ওই ঘটনার প্রতিশোধ নিতে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের ধারণা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলছে।
সূত্র: এনডিটিভি