জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর দুটি স্থানে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য দুই আয়োজনেই দর্শকেরা বিনা টিকিটে অংশ নিতে পারবেন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে।
কনসার্টটি বেলা ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শকদের জন্য প্রবেশপথ খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজনে অংশ নিতে কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না।
এ অনুষ্ঠানে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে ব্যান্ডের পরিবেশনার কথা রয়েছে। উদ্বোধনী পর্বে মঞ্চে উঠবে রে রে। পরে মূল পর্বে দেশের আরও ছয়টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আয়োজনও রাখা হয়েছে।
বামবার সভাপতি হামিন আহমেদ জানান, জুলাই আন্দোলনের সময় সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময়ের স্মৃতি ও চেতনাকে সংগীতের মাধ্যমে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, গণ-অভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ কনসার্টের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আয়োজকদের মতে, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শুধু বিনোদনের আয়োজন নয়। এর মাধ্যমে সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে তুলে ধরা হবে।
একই দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের আরেকটি ওপেন-এয়ার কনসার্ট।
মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টায় শুরু হবে এই অনুষ্ঠান। এতে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ ও পারশা মাহজাবীনসহ আরও কয়েকজন শিল্পী ও ব্যান্ড পরিবেশন করবেন।
এ আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে এবং অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।