রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা, স্বাভাবিক পানিপ্রবাহ এবং দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্বও করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঢাকার চারপাশের নৌপথ সচল করার পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এ সময় নদীতে আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নৌযান চলাচলের উপযোগী নাব্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার। নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের সুযোগ বাড়ানোও এই উদ্যোগের লক্ষ্য।
তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের আগে নদীদূষণ, নাব্যতা, অবকাঠামো এবং যাত্রীসেবার বিষয়গুলো যাচাই করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে বেসরকারি খাতকে যুক্ত করে সেবা চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।