জামায়াতে ইসলামী কখনো গুপ্ত সংগঠন হিসেবে রাজনীতি করেনি বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলো জনগণই মূল্যায়ন করবে। তার দাবি, জামায়াত সব সময় প্রকাশ্যেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিএনপিকে ফ্যাসিবাদী ধারার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। দেশে পুনরায় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা ঠেকাতে সংবিধানের মৌলিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে রাজনৈতিকভাবে সুবিধা পেলেও বিএনপি এখন সেই আন্দোলনের মূল চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও দলটি বর্তমানে সেই অবস্থানে নেই বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল সম্মতি দিয়েছিল। তবে পরবর্তী সময়ে অনেক দল নিজেদের আগের অবস্থান পরিবর্তন করেছে।
গোলাম পরওয়ার আরও বলেন, কয়েকটি আইনে বিচ্ছিন্ন সংশোধন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। গণভোটের রায়ের আলোকে রাষ্ট্রের মৌলিক কাঠামোয় সংস্কার আনতে হবে। এতে রাষ্ট্রক্ষমতা একটি দল বা সরকারের হাতে অতিরিক্ত কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমবে বলে মন্তব্য করেন তিনি।