যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে সতর্কতার মাত্রা লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ নির্ধারণ করেছে। নতুন এই মূল্যায়নের ফলে বাংলাদেশকে আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বৈঠক শেষে খুদে বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন ভ্রমণ নির্দেশনার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণ সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্ত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। একই সঙ্গে গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও এ মূল্যায়নে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে।
সরকার আরও মনে করছে, এই পরিবর্তন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করে। পাশাপাশি নতুন এই ভ্রমণ নির্দেশনা আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।