রাজশাহীর বাঘা উপজেলায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান তারা।
পরে খবর দেওয়া হলে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহে বিষের গন্ধ পাওয়া গেছে।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।