মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গ্রেপ্তার মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন জানান।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে মোজাফফর বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে।
শুনানি শেষে আদালত তাকে আগামী বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে করা হবে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে দেশের বাইরে অবস্থানের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গ্রেপ্তারের পর তাকে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।