কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি, অ্যালকোহল, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বৈষম্যের শিকার হচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক আইন ১৯৩০ সালের ৩৩৮ নম্বর ধারার আওতায় এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো দেশের বাজারে মার্কিন পণ্য অন্যায্য আচরণের মুখে পড়লে প্রেসিডেন্ট পাল্টা ব্যবস্থা হিসেবে ওই দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যবিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তর জানিয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।
নতুন শুল্কের আওতায় আসতে পারে দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার সরঞ্জাম, বিভিন্ন ধরনের বীজ, পোশাক, পরচুলাসহ আরও অনেক পণ্য।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে প্রায় ৩৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র।
নতুন এই শুল্ক কার্যকর হলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ