বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, কৌশিক দেবনাথ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম শুনানি করেন। তিনি আদালতে দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন বাতিল করে কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।[BANGVIEWS-POST:3896]২০২৪ সালের ৮ জুলাই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে করা ওই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।মামলার তদন্ত শেষে গত ১৮ মে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা আবেদ আলীসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার আগে প্রশ্নপত্র সংগ্রহ করে নির্দিষ্ট প্রার্থীদের কাছে পৌঁছে দিত। পরে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে প্রশ্ন ও উত্তর মুখস্থ করানো হতো। এর বিনিময়ে চক্রটি বড় অঙ্কের অর্থ গ্রহণ করত বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগপত্রে আরও বলা হয়, এই চক্রের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারী, পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।[BANGVIEWS-POST:3895]এতে আরও দাবি করা হয়েছে, প্রশ্ন ফাঁসের নেটওয়ার্ক বিজি প্রেস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থার গোপনীয়তা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ আনা হয়েছে।এর আগে গত ৭ জুলাই হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন কৌশিক দেবনাথ। পরে আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামিন আবেদন বাতিলের পর বিকেলে প্রিজন ভ্যানে করে কৌশিক দেবনাথকে কারাগারে পাঠানো হয়েছে।