২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর এসব প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।
ঘোষিত দুটি প্যাকেজের মধ্যে হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর সাশ্রয়ী হজ প্যাকেজ-২ এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
হজ প্যাকেজ-১ অনুযায়ী, হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার সুযোগ থাকবে।
এ প্যাকেজে মিনার জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানের সময়কাল হবে ৩৫ থেকে ৪০ দিন।
অতিরিক্ত অর্থ পরিশোধ করলে এ প্যাকেজের আওতায় রুম আপগ্রেডেশন ও স্বল্পমেয়াদি হজ প্যাকেজের সুবিধা নেওয়ার সুযোগ থাকবে।
অন্যদিকে, হজ প্যাকেজ-২ তুলনামূলক সাশ্রয়ী রাখা হয়েছে। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
এই প্যাকেজের আওতায় মিনার জোন-৫ এলাকায় তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফায় একইভাবে ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও খাবারের ব্যবস্থা থাকবে।
হোটেলের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাস সুবিধা দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত প্যাকেজ অনুযায়ী হজযাত্রীদের আবাসন, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।