চীন থেকে ইরান হয়ে আফগানিস্তানে প্রথমবারের মতো সরাসরি ট্রানজিট পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ইরানের রেল নেটওয়ার্ক ব্যবহার করে ট্রেনটি সফলভাবে আফগানিস্তানের হেরাত প্রদেশে পণ্য পৌঁছে দিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ইলনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান-আফগানিস্তান রেল করিডোরের মাধ্যমে এই প্রথম চীন থেকে কোনো পণ্যবাহী ট্রেন পথে পণ্য খালাস বা পুনরায় বোঝাই ছাড়াই সরাসরি আফগানিস্তানে পৌঁছেছে।
ইরান-আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি জানান, বেইজিং থেকে যাত্রা করা ট্রেনে প্রায় ৫০০ টন এমডিএফ বোর্ড ছিল। ট্রেনটি তুর্কমেনিস্তান হয়ে ইরানে প্রবেশ করে এবং খাফ-হেরাত রেলপথ ব্যবহার করে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছায়।
তিনি বলেন, ইরানের ভূখণ্ড ব্যবহার করে চীনের বেইজিং ও আফগানিস্তানের হেরাতের মধ্যে এটি প্রথম সরাসরি রেল ট্রানজিট সেবা। এই রুট চালু হলে প্রচলিত পরিবহন ব্যবস্থার তুলনায় পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
মুস্তাফা রেজায়ি আরও জানান, নতুন এই রেল করিডোর আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে চীন, মধ্য এশিয়া, ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, এই করিডোরের উন্নয়ন হলে ইরান ও আফগানিস্তানের অর্থনৈতিক সহযোগিতা বাড়বে এবং আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হবে।