বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি করছে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, সমুদ্রসীমা অর্জনের পরও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো তুলনামূলকভাবে বেশি এগিয়ে গেছে।
তিনি বলেন, সমাজকল্যাণমূলক রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নীতিগত সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
মন্তব্যসমূহ