পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়নের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার তৈরির ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের তথ্য জানান।
মন্তব্যসমূহ