শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হোংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।
গিলবার্ট এফ হোংবো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও বেড়েছে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সংস্থাটি আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মক্ষেত্র এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের বিষয়গুলোকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
বৈঠকে বাংলাদেশের কূটনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিষয়েও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক।
গিলবার্ট এফ হোংবো বলেন, শ্রম খাতে বাংলাদেশের সংস্কার উদ্যোগ এবং আন্তর্জাতিক মান বাস্তবায়নের প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং অনানুষ্ঠানিক শ্রমবাজার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের কর্মকর্তা এবং আইএলওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ