পাবনায় পাবনা-নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন বাস এবং পাবনা থেকে কাশিনাথপুরগামী ভলকা বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত থেকে এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় দুই দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায়। এতে দুই বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তারা একটি বাসে আটকে পড়া এক আহত যাত্রীকে উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হবে।
মন্তব্যসমূহ