গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুরে বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় মানুষ বিকল্প রাজনীতির প্রত্যাশা জানিয়েছিল। সেই প্রত্যাশা পূরণ করতে হলে দেশের স্বার্থে প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কারের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে। জনগণের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
সংসদে নিজের কার্যক্রম তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, গত কয়েক মাসে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। কোনো চাপ বা বাধার কাছে নতি স্বীকার না করে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন খাতে দুর্নীতি ও সম্পদ লুটের ঘটনা ঘটেছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়েও জনগণের সম্পদ দখল ও অপব্যবহারের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের সম্পদ রক্ষা এবং দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্ব বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ