কক্সবাজারে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ শফিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের তথ্য পেয়ে মেরিন ড্রাইভ সড়কে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হয়।
একপর্যায়ে সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করলে গাড়িটির গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়ির চালককে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং কার কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল তা জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ