চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগে আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ডেভিড ইমন বাহিনীর সদস্য। শনিবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রৌহেন মিয়া ওরফে মাইকেল, মো. তুহিন, আকবর হোসেন, মো. আব্দুল মুমিন, মো. মাসাদ মিয়া, মো. দিদার মিয়া, মো. সানজাত হাসান, সৈকত হোসেন ও মো. সাইফুদ্দিন।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হামলার নেতৃত্ব দেওয়া ব্যক্তি মাইকেলও রয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি জানান, অভিযানে চারটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন ৯ জনসহ মোট গ্রেপ্তারের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।
র্যাবের অধিনায়ক আরও বলেন, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জান আলী খান বিভিন্ন সময় অডিও বার্তার মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও দেশে অবস্থানরত ব্যক্তিদের বিষয়েই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে ফোন করে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর ১৩ জুলাই প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার, মনিটর ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি নগদ অর্থও নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ডিডিএনের এক কর্মকর্তা চকবাজার থানায় অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।
মন্তব্যসমূহ